গণপরিবহনকে ধূমপানমুক্ত ও তামাকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তোলা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর প্রশিক্ষণ কার্যক্রমে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস্) এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা (অতিরিক্ত সচিব)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাস্-এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। কর্মসূচি সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন টিপুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিসি প্রশিক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার ফাতেমা বেগম এবং কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ডাস্-এর টিম লিড আমিনুল ইসলাম বকুল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাস্-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক। তিনি ধূমপান ও তামাক ব্যবহারের স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি, তামাক নিয়ন্ত্রণ আইনের গুরুত্বপূর্ণ ধারা, গণপরিবহনে আইনের প্রয়োগ, বিদ্যমান শাস্তির বিধান এবং প্রশিক্ষকদের করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়া বিআরটিসি প্রশিক্ষণ বিভাগের ডেপুটি ম্যানেজার (কারিগরি) জান্নাতুল ফেরদৌস তামাক নিয়ন্ত্রণে বিআরটিসির গৃহীত বিভিন্ন অগ্রগতিমূলক কার্যক্রম উপস্থাপন করেন।
কর্মশালায় বক্তারা বলেন, গণপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেবল আইন প্রয়োগই নয়, চালক, সহকারী, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ব্যবস্থায় তামাক নিয়ন্ত্রণ বিষয়টি প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা জরুরি। তারা চালক ও সহকারীদের জন্য নিয়মিত সচেতনতামূলক প্রশিক্ষণ, সকল গণপরিবহনে বাধ্যতামূলক তামাক নিয়ন্ত্রণ সাইনেজ স্থাপন, পরোক্ষ ধূমপান ও অগ্নিঝুঁকিসহ তামাকের ক্ষতিকর প্রভাব বিষয়ে প্রশিক্ষণ জোরদার, তামাক ও নেশাজাত দ্রব্য পরিবহনে গণপরিবহন ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তামাক শিল্পের হস্তক্ষেপ প্রতিরোধে WHO FCTC-এর Article 5.3 বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিআরটিসির বাসে চালক ও সহকারীদের ধূমপানমুক্ত চর্চাকে অন্যান্য গণপরিবহনেও সম্প্রসারণের আহবান জানানো হয়।