“সুস্থ্য শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” এ প্রতিপাদ্যে মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৮ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপিরচালক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে শহরের কমিউনিটি সেন্টার থেকে সকাল ৮ টার দিকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়াও জেলা ও উপজেলার সরকারী অফিস এবং বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচী পালন করছে।