বাসি ও পচা মাংস বিক্রির অপরাধে মিন্টু (২৫) নামের এক কসাইকে ৭ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ জুন) বিকেলে ভবানীপুর ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম এ দন্ড প্রদান করেন।
দন্ডিত মিন্টু মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা হালসানা পাড়ার মৃত হুরমুজ আলীর ছেলে। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাদির হোসেন শামিম জানান, দন্ডিত মিন্টু একজন কসাই। সে সোমবার একটি পশু জবাই করে। কিছু মাংস অবিক্রি থাকে। আজ সেই বাসি ও পচা মাংস সাহেবনগর হাটে বিক্রি করছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি টীম তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় উভয় দন্ডে দন্ডিত করা হয়। সেই সাথে পচা মাংস মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।