কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঐ গ্রামের করিম সওদাগরের ছেলে জহুর আলী (৫০) এবং মহির উদ্দিনের ছেলে ছলিম উদ্দিন (৩৭)। এসময় একই গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে রেজাউল (৫০) গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা সবাই কৃষি কাজ করেন। দুপুরের দিকে প্রচন্ড বৃষ্টির সঙ্গে খুব জোরে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের সময় তারা মাঠের কাজ শেষ করে আইলচারা ইউনিয়নের সিদুরঘাট এলাকার তালতলা বাজারে একটি টিনের চালার নিচে অবস্থান করছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জহুর ও ছলিমের মৃত্যু হয়। স্থানীয়রা এসে গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, আহত রেজাউল এখন শঙ্কামুক্ত।