মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজনুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বীর মুক্তিযাদ্ধো মজনুর রহমান নিশিপুর গ্রামের মৃত আমির উদ্দীন বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার ( ৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বামন্দী শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে তিনি নিজ বাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে,তাকে বামন্দী শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার সময় নিশিপুর গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
এর আগে রাষ্ট্রের পক্ষে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু বীর মুক্তিযোদ্ধা মজনুর রহমানকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত ও ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় বিহগলে করুণ সুর বেজে ওঠে। গাংনী থানা পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা মজনুর রহমানকে গার্ড অফ অনার প্রদান করেন।
গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুনতাজ আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।