মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে রিতা খাতুন(৩০) নামের দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার(৬ জানুয়ারী) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়। রিতা খাতুন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (১ জানুয়ারী) রাতে পারিবারিক কলহের জের ধরে জাকিরুল বাইলিট (হাসুয়া ধার দেওয়ার কাঠ) দিয়ে তার স্ত্রী রিতা খাতুনের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার(৬ জানুয়ারী) রাতে তার মৃত্যু হয়।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, রিতার মায়ের পরিবারের পক্ষ থেকে জাকারুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৩, তারিখ: ০৭/০১/২৩।