ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা ভাতা’র টাকা তুলে বাড়ি ফেরার পথে অভিনব কৌশলে প্রতারণার শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হেকমত আলী। কাপড়ে মল লাগার কথা বলে তাঁকে বিভ্রান্ত করে ৪৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।
রোববার সকালে মেহেরপুর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হেকমত আলী মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত করিম শেখের ছেলে।
জানা গেছে, প্রায় চার মাস তাবলিগে থাকায় চার মাসের বকেয়া মুক্তিযোদ্ধা ভাতা ৪৮ হাজার টাকা রোববার সকালে সোনালী ব্যাংকের মেহেরপুর শাখা থেকে উত্তোলন করেন হেকমত আলী। টাকা কোমরে ঝোলানো একটি ব্যাগে রেখে হেঁটে বড় বাজারের দিকে যাচ্ছিলেন তিনি।
পথে পৌরসভা সংলগ্ন খাদ্য গুদামের কাছে পৌঁছালে অপরিচিত এক ব্যক্তি তাঁকে বলেন, তাঁর কাপড়ে মল লেগে আছে। এরপর ওই ব্যক্তি পৌরসভার ভেতরে পুরোনো ভবনের পেছনে থাকা ওজুখানায় গিয়ে কাপড় পরিষ্কার করার পরামর্শ দেন।
ওই ব্যক্তির কথা অনুযায়ী তিনি দেখেন তার পরিহিত পাঞ্জাবির পিছনে মল লেগে আছে। এরপর পৌরসভার ভেতরে যান হেকমত আলী। পুরোনো ভবনের পেছনে ওজুখানার কাছে কাপড় ও টাকার ব্যাগ পাশে রেখে শরীর পরিষ্কার করতে শুরু করেন তিনি। এ সুযোগে তাঁর ৪৮ হাজার টাকাসহ ব্যাগটি নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্রের সদস্যরা। পরিষ্কার শেষে পাশে রাখ কাপড় দেখতে পেলেও টাকার ব্যাগটি আর পাননি তিনি। আশপাশে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান মেলেনি।
পরে পৌরসভায় বিষয়টি জানালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতারণার কৌশল সম্পর্কে ধারণা পান হেকমত আলী। ফুটেজে দেখা যায়, ব্যাংক থেকে বের হওয়ার পর থেকেই বিভিন্ন বয়সী চার ব্যক্তি তাঁকে অনুসরণ করছিলেন। পৌরসভা খাদ্য গুদামের কাছে পৌঁছালে তাঁদের একজন কাপড়ে মল লাগার কথা বলে তাঁকে বিভ্রান্ত করেন। হেকমত আলী পৌরসভার ভেতরে পুরোনো ভবনের পেছনে ওজুখানার দিকে এগিয়ে গেলে চক্রের একজন প্রধান ফটকে এবং অন্য তিনজন পৌরসভার ভেতরে অবস্থান নেন। পরে তিনি অসতর্ক হয়ে কাপড় পরিষ্কার করতে গেলে তাঁর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা।
বীর মুক্তিযোদ্ধা হেকমত আলী বলেন, গত চার মাস তাবলিগে ছিলাম। রোববার সকালে মুক্তিযোদ্ধা ভাতা তুলতে সোনালী ব্যাংকে যাই। সেখান থেকে ৪৮ হাজার টাকা তুলে কোমরে থাকা ব্যাগে রাখি। এরপর বড় বাজারের দিকে যাচ্ছিলাম। ফুড গোডাউন পার হওয়ার পর অপরিচিত এক ব্যক্তি বলেন, আমার কাপড়ে মল লেগে আছে। তিনি পৌরসভার ভেতরে পুরোনো ভবনের পেছনে ওজুখানায় গিয়ে কাপড় পরিষ্কার করতে বলেন। তাঁর কথামতো সেখানে গিয়ে কাপড় ও ব্যাগ পাশে রেখে শরীর পরিষ্কার করি। পরে দেখি, কাপড় থাকলেও টাকার ব্যাগটি নেই। সকালে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরেই ব্যাংকে গিয়েছিলাম। আমাকে বিভ্রান্ত করতেই ব্যাংক থেকে পিছু নেওয়া ওই চক্রের কেউ কৌশলে আমার কাপড়ে মল লাগিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, চারদিকে ছোটাছুটি করেও ব্যাগের সন্ধান পাইনি। পরে পৌরসভায় বিষয়টি জানালে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারি, কাপড়ে মল লাগার কথা বলা ওই ব্যক্তি ও তাঁর সঙ্গে থাকা আরও তিনজন মিলে আমার টাকা নিয়ে গেছে। বিষয়টি মেহেরপুর সদর থানায় অবগত করলে ঘটনাস্থলে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
দিনদুপুরে এমন কৌশলে বীর মুক্তিযোদ্ধার ভাতার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রতারক চক্রের সদস্যদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি খোয়া যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বিষয়টি শোনার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি সংরক্ষণ করে প্রতারক চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।