বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আলহাজ্ব মো. আব্দুস সোবাহান (৮০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ডাক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত এএসপি আলহাজ্ব আব্দুস সোবাহান দুপুরে বাড়ি থেকে আমতলী বাজারের উদ্দেশে বের হন। পথিমধ্যে মহাসড়ক পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মো. দেলোয়ার হোসেন বলেন, ভাই রাস্তা পার হচ্ছিলেন, এমন সময় একটি অ্যাম্বুলেন্স পিছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কের উপর পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।