আগামী পহেলা জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আমঝুপি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানি। এসময় বক্তব্য রাখেন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য স্বাধীন, জিয়া সাইবার ফোর্সের আহকায়ক কমিটির সদস্য আশিক রেজা প্রমুখ।
এসময় নাহিদ মাহাবুব সানি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মূল চালিকাশক্তি হবে বাংলাদেশ ছাত্রদল। ছাত্রদলের ত্যাগ, সংগ্রাম এবং দেশপ্রেমিক ভূমিকা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। ছাত্রদলের উজ্জীবিত নেতৃত্ব ও সুশৃঙ্খল কার্যক্রম আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন এবং দলের ঐক্য ও শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় আমঝুপি ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুর সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।