একজন শিক্ষকের ভুলের কারণে একটা জেনারেশন ক্ষতিগ্রস্ত হয়। আগামী প্রজন্মের জন্য প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ তৈরিতে শিক্ষকদের আন্তরিক হতে হবে। যুগোপযোগী ও স্মার্ট শিক্ষা ব্যাবস্থা বিনির্মানে সরকার কাজ করছে বলে জানান সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, স্মার্ট শিক্ষা ব্যবস্থা তৈরী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে একটা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরীতে শিক্ষকদের ভুমিকা জরুরী।
নবনির্বাচিত এমপি ডাঃ এ এস এম নাজমুল হক সাগরকে বরণ উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা আয়োজন করে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, ষোলটাকা ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান আনোয়ার পাশা, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম হোসাইন, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান , জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানি। রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অতিথিবর্গকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক দিক সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান, উপজেলাতে ৮৯ টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে ৭৮ টি এমপিওভুক্ত ৯ টি নন-এমপিওভুক্ত, ১ টি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ১ টি কলেজ রয়েছে। এ উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে মাত্র ১৮ টি প্রতিষ্ঠানে।
উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নেই, শহীদ মিনার আছে ২১ টি প্রতিষ্ঠানে। তিনি উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যাগুলি উল্লেখ করে এর সমাধানে সংসদ সদস্যের কার্যকর সহযোগিতাসহ পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।