ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক বিন্নী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন ভাইয়ের লাঠির আঘাতে অপর ভাই নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ সেপ্টম্বর সাবেক বিন্নী গ্রামের কৃষক মমিন হোসেন পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে মারধর করছিল। এসময় তার ছোট ভাইয়ের স্ত্রী ঠেকাতে এলে তাকেও মারপিট করে। পরে এ ঘটনার জের ধরে তার ছোট ভাই ইউপি সদস্য শামীম হোসেনের সাথে বাক-বিতন্ডা জড়িয়ে পড়ে ।
এক পর্যায়ে শামীম হোসেন লাঠি দিয়ে ভাই মমিন হোসেনের মাথায় আঘাত করলে মমিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় মমিনের মৃত্যু হয়।