বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করতে নেতাকর্মীদের সকলের করণীয় নিয়ে তেতুলবাড়িয়া ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর-২ (গাংনী ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। রবিবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইউসুফ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আহসানুল হক সুমন, দলের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, কামাল হোসেন, জুয়েল আহমেদ, আব্দুল হালিম, সোলায়মান হোসেন, হাসমত আলী, শরিফুল ইসলাম, পলাশ। সভায় তেতুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করে আজকের অবস্থানে এসেছি। তিনি শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা যাতে কোন অবস্থাতে কেউ নস্যাৎ করতে না পারে বিএনপির নেতাকর্মীদের সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে আবার দেশের স্বাধীনতা পেলাম বলে উল্লেখ করেন তিনি। তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন কোন অবস্থাতে মানুষের উপর প্রতিশোধ নেওয়া যাবেনা। আওয়ামী অপশাসন ও দুঃশাসনের সময় দলের নেতাকর্মী যারা নির্যাতিত হয়েছে তাদের সবাইকে ধৈর্য্য ধরতে হবে। বিএনপিকে সাংগঠনিকভাবে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে নেতাকর্মীদের সহযোগীতা কামনা করেন। এছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দল ও দেশের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে দলকে সুসংগতি ও ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচলে দলকে ক্ষমতায় আনার জন্য নেতাকর্মীদের সকল প্রকার ত্যাগ স্বীকার করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের জন্য সর্বোচ্চ সহযোগিতার আহবান জানান।