জমকালো আয়োজন, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পালিত হলো মেহেরপুর সাহিত্য পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, বিশিষ্ট শিল্পী ও কবি এম রফিক হাসানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি রকিবুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুম কবি এম রফিক হাসানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননা স্মারক গ্রহণ করেন তাঁর বড় ছেলে সাংবাদিক রাশেদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লাহ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্ব শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাহিত্য পরিষদের সদস্য, স্থানীয় সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা এ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। মেহেরপুরের সংস্কৃতি ও সাহিত্য চর্চাকে এগিয়ে নিতে মেহেরপুর সাহিত্য পরিষদ তাদের ঐতিহ্যবাহী এ ধারা অব্যাহত রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।