মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (২০ নভেম্বর) তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন। অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা বিভাগীয় কমিশনার, মেহেরপুর জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপসচিব (উপজেলা ১/২ শাখা) বরবার প্রেরণ করা হয়েছে পদত্যাগ পত্রের অনুলিপি।
পদত্যাগের বিষয়ে যোগাযোগ করা হলে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম নিজেই তা নিশ্চিত করেন। তিনি বলেন, দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেছি। আগামী জাতীয় নির্বাচনে সময় দেওয়ার লক্ষ্যেই উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমি আশা করি দলীয় সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মেহেরপুর-১ আসন থেকে মনোনয়ন দেবেন।
পদত্যাগ পত্র প্রাপ্তির বিষয়য়টি নিশ্চিত করে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন বলেন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগ পত্রটি ফরওয়ার্ড করা হবে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়র ও চেয়ারম্যানদের প্রার্থী হওয়া, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়রের পাশাপাশি বিভিন্ন সরকারি বা স্বায়ত্বশাসিত বা আধা-স্বায়ত্বশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত অফিস বা প্রতিষ্ঠানের বা কর্পোরেশন অথবা সংবিধিবদ্ধ সংস্থা, কর্তৃপক্ষ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদ্ধতিগতভাবে পদত্যাগ করতে হবে।