১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের ঐতিহাসিক ভবরপাড়া তথা মুজিবনগর আম্রকাননে বাংলাদেশর প্রথম সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাঙালি। প্রতিবছর বছর ১৭ এপ্রিল উদযাপন হয় মুজিবনগর দিবস। প্রতি বছরের ন্যায় এবারও মেহেরপুরে ঐতিহাসিক আম্রকানন ঘিরে নানা আয়োজন করেছে মেহেরপুর জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উদযাপনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস দেশ বিদেশের মানুষের মাঝে তুলে ধরতে ভোর থেকে রাত পর্যন্ত নানা কর্মসুচী গ্রহণ করা হয়। জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, পুলিশ সুপার এসএম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।