৭ই নভেম্বর পালন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের বিচারের দাবিতে নানা দাবী উত্থাপন করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা কালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হুসিয়ার করে দিয়ে বলেন মেহেরপুর জেলায় কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে বিএনপির নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দেবে।
রোববার (১০ নভেম্বর) বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথমে নেতাকর্মীরা জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাংনী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপরে গাংনী বাসস্ট্যান্ডে সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ মাস্টারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী পৌর বিএনপি’র সহসভাপতি আব্দুল্লাহিল মারুফ পলাশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, বামুন্দী ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম, রাইপুর ইউনিয়ন সভাপতি নাসিরুদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুর ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।