খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুব মোল্লাকে গুলি ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (শুক্রবার) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশার নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়।
এলাকাবাসী জানান, জুম্মার নামাজ পড়তে মাহাবুব মোল্লা বাসা থেকে বের হয়। এ সময় তার বাসার সামনেই একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত মাহবুবকে লক্ষ্য করে গুলি করে। সে রাস্তায় লুটিয়ে পড়লে তার বুকে কয়েকটি গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে সন্ত্রীরা দ্রুত পালিয়ে যায়। মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাকলেও অপর দুজনের মাথায় হেলমেট ছিল না। স্থানীয়রা মাহাবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।