কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাই সাজেদুল লস্করের লাঠির আঘাতে আপেল লস্করের (৫০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আপেল ঐ এলাকার মৃত আমজাদ লস্করের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারায় মাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে দাঁড়িয়ে থাকা মৃত রেজওয়ান লস্করের ছেলে সাজেদুল মোটা একটি লাঠি দিয়ে আপেলের মাথায় বাড়ি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবির বলেন, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যাক্তি মাছ ব্যবসায়ী ছিলেন। মাছ কিনতে যাওয়ায় তাঁর সঙ্গে টাকাও ছিল। সাজেদুল মাদকাসক্ত হওয়ায় নেশার টাকা ম্যানেজ করতে আপেল লস্করকে হত্যা করেছে।