কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এক অভিযানিক দল তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বসত বাড়িতে ইন্সপেক্টর শেখ আওয়াল কবিরের নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ।
অভিযানকালে চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে বসতবাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর সুকৌশলে শপিং ব্যাগের ভিতরে রুমাল দিয়ে জড়িয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধারপূর্বক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করা হয়।
ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। সে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং মরিচা ইউনিয়ন এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।
এ বিষয়ে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন বলেন,মঙ্গলবারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্রসহ তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে অস্ত্র গুলি উদ্ধার করি। তার নামে একাধিক মামলা রয়েছে। অস্ত্র আইনে আরেকটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।