অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা আসিফ তার পোস্টে লেখেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
পরে আরেক পোস্টে তিনি জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।
দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও এ বিষয়ে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে।
সংশ্লিষ্টদের মতে, এই বিধান তুলে দিলে অনেক যোগ্য ও দক্ষ ব্যক্তি, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারাও নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন।
বর্তমানে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা পাঁচটি স্তরে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ইউনিয়ন পরিষদ মোট ৪ হাজার ৫৮১টি। এ ছাড়া রয়েছে ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬৪টি জেলা পরিষদ (এর মধ্যে তিনটি পার্বত্য জেলা), ৩৩০টি পৌরসভা এবং ১২টি সিটি করপোরেশন।