ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ট্রাক চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরেও ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। হাঁটতে হাঁটতে তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহের দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইলেনে উঠে যায়। এ সময় রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।