চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে সোহেল (২৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত সোহেল পেশায় কৃষক ও বেলগাছি গ্রামের বকচর পাড়ার আসাবুল হকের ছেলে।
নিহতের বাবা আসাবুল হক অভিযোগ করে বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানে একটি পেয়ারা গাছের ডাল ভাঙ্গা অথবা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের বিরোধ হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। পরে ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। এরই জের ধরে ফারুক আমার ছেলেকে জবাই করেছে। তিনি তার ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন বলেন, একজন যুবককে জবাই করে হত্যা করা হয়েছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।