গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতদের তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গাংনীর ধানখোলা রোডের পান্না ইটভাটার কাছে এ দূর্ঘটনাটি ঘটে।
আহতরা হচ্ছে, গাংনীর কড়ুইগাছি গ্রামের বাবর আলীর ছেলে মমিন (১৭), ফজর আলী ছেলে মেহেদী হাসান (১৬), শিশিরপাড়া গ্রামের রইস উদ্দিনের ছেলে জামান(৪২) ও চাঁপাইনবাবগঞ্জের আয়নাল হকের ছেলে ইউসুফ (২৫)।
প্রত্যক্ষদর্শী আব্দুল জব্বার জানান, মোমিন ও মেহেদী হাসান একটি মোটরসাইকেল যোগে গাংনী বাজারের দিকে আসছিল। অপরদিকে গাংনী থেকে ধানখোলা বাজারের দিকে যাচ্ছিলেন জামান ও ইউসুফ। তারা পান্না ইটভাটার সন্নিকটে পৌছুলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেল দুমড়ে মুছড়ে যায় ও চারজনই আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মেহেদী হাসানকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।