মেহেরপুরের গাংনীতে পাখিভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা তাসলিমা (২৩) ও ১৪ মাস বয়সী কন্যাশিশু মারিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬জুন) রাত সাড়ে ৮ টার দিকে হাড়াভাঙ্গা পুরনো পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঐ গ্রামের ভ্যানচালক মিন্টুর স্ত্রী ও কণ্যা।
স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে নিজ বাড়ির আঙ্গিনায় পাখিভ্যানের চার্জার সংযোগ দেওয়া হয়। প্রতিদিনের মত আজও রাতে চার্জার সংযোগ দিতে যায় তাসলিমা। এসময় তার এক বছর বয়সী কন্যা মারিয়া মাহি তার কোলেই ছিল। বৈদ্যুতিক লাইনের সাথে পাখিভ্যানের চার্জার সংযোগ স্পর্শ করতেই তাসলিমা বিদ্যুতায়িত হয়। পরে প্রতিবেশিরা টের পেয়ে মা ও মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে। মা ও কোলের শিশুর মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।