মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সুমি খাতুন (৩৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। নিহত সুমি গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের উত্তরপাড়ার আরিফুল ইসলামের স্ত্রী।
একই সাথে সিএনজি চালকসহ দুইজন আহত হয়েছে। আহত সিএনজি চালক হযরত আলী একই উপজেলার মহব্বতপুর হাইস্কুল পাড়ার আনারুল ইসলামের ছেলে তবে অপর একজনের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শুকুরকান্দির গ্যাস পাম্পের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে নিহত সুমি ও তার ভাবি মনোয়ারা খাতুন ডাক্তার দেখাতে কুষ্টিয়ায় যায়। কুষ্টিয়া থেকে ফেরার পথে শুকুরকান্দি গ্যাস পাম্পের নিকট পৌছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ছয়জন যাত্রীর মধ্যে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতদের মধ্যে সুমির অবস্থা আশঙ্কাজনক গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে সেখানে পৌছালে তিনি মৃত্যুবরণ করেন।