“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা। এসময় গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজাসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও মৎস্য চাষী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।