পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার নির্বাচনী এলাকাভিত্তিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে মেহেরপুরের গাংনী পৌরসভাধীন বাঁশবাড়ীয়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ার্ড কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মেহেরপুর-২ (গাংনী) আসনের এক হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাথাপিছু এক হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন সংসদ সদস্য মোঃ নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম, গাংনী পৌর আমির আহসানুল হক, গাংনী পৌর বাইতুল মাল সেক্রেটারি জিল্লুর রহমান, সাবেক ওয়ার্ড কমিশনার আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ নাজমুল হুদা বলেন, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।