বজ্রপাতে কুষ্টিয়ার দৌলতপুরে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলার হোসনেবাদ আখ সেন্টার এবং চর ছাদিপুর ইউনিয়নের চর ভবানিপুর পদ্মা নদীতে মাছ মারতে গিয়ে বজ্রপাতের ঘটনায় তারা মৃত্যুবরণ করেন। দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসনেবাদ এলাকার কৃষক নিজাম উদ্দিন (৪৮), তারজুল ইসলাম (২৫) আওলাদ হোসেন (৬০) এবং ফারাকপুর গ্রামের জরুরা খাতুন (৪০)। চর ছাদিপুর ইউনিয়নের চর ভবানিপুর পদ্মা নদীতে মাছ মারতে গিয়ে এক জন মারা যায় তবে তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, হতাহতরা সবাই মাঠের কাজ করছিল। এসময় প্রচণ্ড জোরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা একটি ছাপড়া (একচালা) ঘরের নিচে গিয়ে আশ্রয় নেয়।
এসময় সেখানে বজ্রপাত হলে সবাই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।