কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নাহিদুল ইসলাম রুপল (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার লাহিনী বটতলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুল কুষ্টিয়া শহরের ডা. আবুল কাশেম লেন আড়ুয়াপাড়ার এলাকার আইয়ুব ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে মোল্লাতেঘরিয়া এলাকায় বসবাস করতেন। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাহিদুল মোটরসাইকেলে করে কুমারখালী থেকে বাড়ি ফিরছিলেন। পথে লাহিনী বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় চালক ও তার সহযোগী ট্রাকটি রেখে পালিয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও সহযোগীকে ধরতে পুলিশ কাজ করছে।