ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকগণ অংশগ্রহন করেন।
এ সময় সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব ফাতিমা ফারহানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেনG
বক্তারা বলেন, গত ২৮ জানুয়ারি ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের দ্রুত জাতীয়করণ করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। সরকারের দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় শিক্ষকরা হতাশ ও ক্ষুব্ধ। দ্রুত জাতীয়করণের ঘোষণার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।