শাহানাজ খাতুন(৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের একটি টীম সোমবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর গ্রামের শাহানাজের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার হেফাজতে থাকা ১৯ কেজি ৯৯৮ গ্রাম রুপা জব্দ করা হয়।
শাহানাজ খাতুনের স্বামীর নাম রুস্তুম আলী। তার বিরুদ্ধে মামলাসহ আদালতে প্রেরণ করা হয়। পুলিশের দাবী ওই নারী একজন চিহ্নিত চোরাচালানী।
দামুড়হুদা মডেল থানার ওসি মোঃ আলমগীর কবীর জানান, শাহানাজের বাড়িতে পাচারের উদ্দেশ্যে রুপা জমা করা আছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টীম সেখানে অভিযান চালায়। এসময় সিমেন্টের বস্তা দিয়ে তৈরী ব্যাগের ভিতরে কসটেপ দিয়ে মোড়ানো ১৬টি বান্ডেলে রুপা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৬৪ হাজার টাকা। শাহানাজকে আটক করে থানায় নিয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।