জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দিতে হবে, তার পূর্বে ফ্রী ফেয়ার নির্বাচনের জন্য সকল সংস্কার সম্পন্ন করতে দাবি জানিয়েছেন- বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খান। শনিবার বিকেলে মেহেরপুর শহরে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয়নি। আমাদের পক্ষ থেকে ঐক্যমত কমিশনেও বলা হয়েছে সকল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে। নির্বাচনের তারিখে জন্য জামায়াত কখনো ব্যস্ত ছিল না। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে বলে বক্তব্য রাখেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, জামায়াতের নেতৃবৃন্দের বিচারের ষড়যন্ত্রে যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। সরকারের ভিতরে এবং বাইরে ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তারা পোশাক পাল্টিয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও দাবি করেন তিনি। অবিলম্বে এদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে বলেও বক্তব্য রাখেন রফিকুল ইসলাম খান।
জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ। দিনব্যাপী জামায়াতের রূকন শিক্ষা শিবির শেষে ওয়ার্ড সভাপতি সম্মেলন এর আয়োজন করে জেলা জমায়াত। কর্মসূচিতে জামায়াত ইসলামীর রুকনসহ সকল ওয়ার্ডের সভাপতিগন অংশগ্রহণ করে। অনুষ্ঠানে দলীয় কার্যক্রম মজবুতকরন, ব্যক্তিগত মানউন্নয়ন ও নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়।