অভিনেত্রী হোমায়রা নুসরাত হিমু গত দুই থেকে তিন বছর ধরে অনলাইনে জুয়া খেলার অ্যাপ ‘বিগো লাইভ’-এ আসক্ত হয়ে বিপুল পরিমাণ অর্থ খোয়ান। জুয়ায় প্রায় ২১ লাখ টাকা খুইয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।
এসব নিয়ে বিভিন্ন সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হতো। রাজধানীর উত্তরায় নিজ বাসায় অভিনেত্রী হোমায়রা নুসরাত হিমুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি ওরফে উরফি র্যাবের হাতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছেন।
র্যাবকে রুফি বলেছেন, হিমু এর আগেও তিন থেকে চার বার তাকে জানিয়েছিলেন তিনি আত্মহত্যা করবেন, তবে করেননি। বৃহস্পতিবার (২ নভেম্বর) তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। হিমু তখনও বলেছিলেন তিনি আত্মহত্যা করবেন। রুফি এবারও পাত্তা দেননি। তখনই আত্মহত্যা করে ফেলেন হিমু।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, এ ঘটনায় হিমুর খালা বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। মামলায় রুফি ওরফে উরফিকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আল মঈন জানান, ২০১৪ সালে হিমুর খালাতো বোনের সঙ্গে রুফির বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিনের মধ্যে পারিবারিক সমস্যার কারণে তাদের বিচ্ছেদ হয়। আত্মীয়তার সুবাদে রুফির সঙ্গে হিমুর পরিচয় হয়। খালাতো বোনের সঙ্গে রুফির বিচ্ছেদ হলেও তার সঙ্গে হিমুর নিয়মিত যোগাযোগ ছিল।