মেহেরপুরের গাংনীর ঢেপা গ্রামে সরকারি রাস্তার খাস জমি দখলে নিতে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ মোট ৭ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন হাফিজুল ইসলামের স্ত্রী আনজিরা খাতুন(৩৫) আজিজুলের স্ত্রী রুপালী খাতুন(৪২) আব্দুর রহমানের ছেলে আজিজুল ইসলাম(৪৫) আব্দুল গণির ছেলে হাফিজুল ইসলাম(৩৫), মসলেমের ছেলে তৌহিদুল ইসলাম(৩৮), আসলামের ছেলে দেলোয়ার হোসেন(৩০) এবং অপর পক্ষের এলাহী বকসের ছেলে সাহাবুদ্দিন। আহতের মধ্যে তৌহিদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করা হয়েছে। বাকীদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, আব্দুর রহামানের ছেলে আজিজুল ইসলাম তার পুরাতন বসত বাড়ি ভেঙ্গে ২৪ শতক জমিতে নতুন বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। ওই জমির মধ্যে সরকারি তিন শতক খাস জমি রয়েছে বলে দখল দাবী করেন প্রতিবেশি এলাহি বকসের ছেলে সাহাবুদ্দিন। খাস জমির মধ্যে এক শতক জমি পাওয়া যাবে বলে দাবী করলে তখন উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত দুই নারীসহ উভয় পক্ষের ৭জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক এমদাদুল হক আহত তৌহিদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, বাকীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোন পক্ষের লোকজনের অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।