স্বাধীনতার সুতিকাগার মুজিবনগরে রাতের আধারে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেই নতুন কমিটি গঠন করেছে উপজেলা ছাত্রলীগ।
পূর্ব ঘোষনা ও সম্মেলন ছাড়ায় মুজিবনগর উপজেলা ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক শেখ সাকিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
শনিবার ২৭ মে সন্ধ্যার পর থেকে রাত ১১ টার মধ্যে যে কোন এক সময় এ কমিটি বিলুপ্ত ও ২৮ তারিখের স্বাক্ষরিত কমিটির অনুমোদন করা হয় একই সময়ে।
ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের অভিযোগ, সম্মেলন ছাড়ায় শনিবার (২৭মে) রাত ৯ টার দিকে মোনাখালী ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা দিয়ে ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তির ছবিসহ স্ট্যাটাস দিয়েছিলো নেতারা। এর তিন ঘন্টা পরে রাত ১২ টার দিকে ২৮ তারিখ দিয়ে নতুন কমিটিতে স্বপন গাজীকে সভাপতি ও শামীম রেজাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটির অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ।
এ কমিটিতে সহসভাপতি সজল মিয়া ও জাহিদ হাসান এবং যুগ্ম সম্পাদক জুবাইর রহমান। সাংগঠনিক সম্পাদক শেখ সহিদ, সহসাংগঠনিক সম্পাদক শাকিল মিয়া। প্রচার সম্পাদক মহাজির আলী ও দপ্তর সম্পাদক মো: রেজা।
স্থানীয় ছাত্রলীগ কর্মী ইমতিয়াজ ইমন জানান, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে ৪ বছর আগে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর পদে চাকরী করছেন। সাধারণ সম্পাদক শেখ সাকিব বিয়ে করেছেন অনেক আগেই। বর্তমানে তিনি ৪ বছর বয়সী এক কন্যা সন্তানের পিতা। মেয়াদোত্তির্ণ উপজেলা কমিটি টাকার বিনিময়ে রাতের আঁধারে বিএনপি পরিবারের ছেলেকে সাধারণ সম্পাদ করে কমিটি দিয়েছেন।
মোমিন হাসান সাব্বির রহমান বলেন, আমি দির্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করে আসছি। এবারের কমিটিতে আমিও পদ প্রত্যাশী ছিলাম কিন্তু হঠাৎ রাতের আধারেই মেয়াদোত্তির্ণ কমিটি বিলুপ্ত করে নিয়ম বর্হিভুতভাবে নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি আওয়ামীগ পরিবারের হলেও সাধারণ সম্পাদক বানানো হয়েছে শামীম রেজাকে, তার বিরুদ্ধে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি বর্তমানে মুজিবনগর থানায় একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
এ বিষয়ে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক শেখ সাকিবের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন বলেন, মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়ন কমিটি গঠনের বিষয়টি আমার অজানা। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক নির্দেশনা আছে সম্মেলন ছাড়া মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয়সহ যে কোনো ইউনিটের কমিটি গঠন করা যাবে না। আমি বিষয়টি শুনেছি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।