দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলমান আন্দোলনের অংশ হিসেবে মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (২৭ মে) সকাল ১১টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মেহেরপুর জেলা শাখা উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কমরেড জালাল উদ্দিন।
জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শহিদুল ইসলাম কাননের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কমরেড সিদ্দিকুর রহমান, মহাদেব সাহা, আরোজ আলী, মাহফুজুর রহমান, অ্যাডঃ মোঃ মিজানুর রহমান, উষা বিশ্বাস প্রমুখ।
সমাবেশে সভা শেষে কেন্দ্রীয় কমিটির ঘোষিত সকল কর্মসূচি পালন করার জন্য সকলকে অনুরোধ করা হয়। সভায় বক্তারা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে নিচ্ছে। বর্তমান সরকারের বক্তব্যে ব্যবসায়ীরা আরো উৎসাহিত হয়েছে।
তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মজুতদারের শাস্তি, রেশনিং ব্যবস্থা,ফ্যামিলি কার্ডসংখ্যা ও পণ্য বাড়ানোসহ প্রত্যেক এলাকায় সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের দোকান চালু করারও দাবি করেন।