• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক- লাগবে না জামানত আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক ২ কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা মেহেরপুর সীমান্তে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ১, উদ্ধার ৩০ বোতল মদ মেহেরপুরে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন

বিবর্তন ডেস্ক:
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন
আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন

আজ ১৩ নভেম্বর বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের জন্মদিন। ১৮৪৭ সালের এই দিনে কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তার অমর সৃষ্টি ‘বিষাদসিন্ধু’ বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে।

মীর মশাররফ হোসেনের বাবা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন জমিদার। নিজ বাড়িতে মুন্সির কাছে আরবি ও ফারসি শেখার মধ্য দিয়ে তার শিক্ষাজীবনের শুরু। পরে পাঠশালায় বাংলা শেখেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি কুষ্টিয়া স্কুলে। এরপর কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে কলকাতার কালীঘাট স্কুলে ভর্তি হন। তবে, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর এগোয়নি।

কর্মজীবনের শুরুতে বাবার জমিদারি দেখাশোনার দায়িত্ব পালন করেন মশাররফ হোসেন। পরে ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন। ১৮৮৫ সালে দেলদুয়ার এস্টেটের ম্যানেজার হিসেবে যোগ দেন। একপর্যায়ে চাকরি ছেড়ে লাহিনীপাড়ায় ফিরে যান। পরে ভাগ্যান্বেষণে কলকাতায় গিয়ে ১৯০৩ থেকে ১৯০৯ সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন।

ছাত্রাবস্থায় ‘সংবাদ প্রভাকর’ ও কুমারখালীর ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় মফস্বল সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন তিনি। তখন থেকেই তার সাহিত্যচর্চার সূচনা। ‘গ্রামবার্তা প্রকাশিকা’র সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তার সাহিত্যগুরু। তার দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুমও সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মশাররফ ‘আজিজন নেহার’ ও ‘হিতকরী’ নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দুর্গেশনন্দিনী’ প্রকাশের ৪ বছর পর মীর মশাররফ হোসেনের প্রথম উপন্যাস ‘রত্নবতী’ প্রকাশিত হয়। এরপর কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী ও পাঠ্যপুস্তকসহ সাহিত্যের বিভিন্ন শাখায় অসংখ্য রচনা করেন তিনি। বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী হিসেবেও তার পরিচিতি রয়েছে।

তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু’, ‘বসন্তকুমারী নাটক’, ‘জমিদার দর্পণ’, ‘এর উপায় কী’, ‘বিষাদসিন্ধু’, ‘সংগীতলহরী’, ‘গো-জীবন’, ‘বেহুলা গীতাভিনয়’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘তহমিনা’, ‘নিয়তি কি অবনতি’, ‘গাজী মিয়াঁর বস্তানী’, ‘মৌলুদ শরীফ’, ‘মুসলমানদের বাঙ্গালা শিক্ষা’, ‘বিবি খোদেজার বিবাহ’, ‘হযরত ওমরের ধর্মজীবন লাভ’, ‘মদিনার গৌরব’ ও ‘আমার জীবনী’।

মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ কীর্তি ‘বিষাদসিন্ধু’ উপন্যাসে কারবালার মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়েছে। অন্যদিকে, ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক বিদ্রোহের পটভূমিতে রচিত তার নাটক ‘জমিদার দর্পণ’ তৎকালীন সমাজবাস্তবতার গুরুত্বপূর্ণ দলিল। গতিশীল ও সাবলীল গদ্য রচনায় তিনি ছিলেন অসাধারণ দক্ষ।

১৯১২ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই বিশিষ্ট সাহিত্যিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category