মেহেরপুরের গাংনী উপজেলায় এক মাসেই পঞ্চম বারের মতো বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার চরগোয়াল গ্রামের আতিকুর রহমান হানিফের বাড়ির সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২০ মে) সকালে স্থানীয়রা বাড়ির সামনে সন্দেহজনক একটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আতিকুর রহমান হানিফ চরগোয়াল গ্রামের সদরপাড়ার রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফের বাড়ির মূল ফটকের সামনে একটি পলিথিন ব্যাগের মধ্যে লালটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। এ মাসের ৩ তারিখেও এই গ্রাম থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছিলো।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, চলতি মে মাসের ৩ তারিখে উপজেলার চরগোয়ালগ্রাম, ৬ মে তেতুলবাড়িয়া, ১৭ মে হাড়াভাঙ্গা ও ১৮ মে জোড়পুকুরিয়া গ্রাম থেকে বোমা সদৃশ উদ্ধার করা হয়।