বাবার কুলখনি না করা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিনাইদহে মুরাদ হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ হোসেন মুদি ব্যবসায়ী ও পবহাটি মন্ডলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গত শনিবার মুরাদ হোসেনের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর ৭ দিন অতিবাহিত হলেও কুলখানি না করায় তার চাচাতো ভাই আলম মন্ডল ব্যাঙ্গ করে বলেন, ‘ভিক্ষা করে দোয়া মাহফিলের আয়োজন কর’। এ ছাড়াও জমি জমা নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুরাদ হোসেন ও আলম মন্ডলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে মুরাদ বসে থাকা অবস্থায় তার চাচাতো ভাইয়ের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর যখম করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।