কুষ্টিয়া সদর উপজেলায় নিজ বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত মোশারফ হোসেন মুসা একই এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পেশায় ভ্যানচালক ছিলেন এবং প্রতিদিনের মতো শনিবার রাতে বসতঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন ঘরের বাহিরে বের হয়ে মুসার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। নিহত ব্যাক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। ভ্যান চুরি করতে এসে মুসাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করলেও পরিবারের দাবি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির মেয়ে শিখা দৃঢ়তার সঙ্গে বলেন, ‘ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যাক্তির বুকে হাঁসুয়া-জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শুধু ভ্যান চুরির জন্য এমন নির্মম হত্যাকাণ্ড নাও হতে পারে। কারণ তাহলে অপরাধীরা ভ্যান নিয়ে যেত। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।