‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
এসময় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, সদর উপজেলা মৎস কর্মকর্তা গোলাম সরোয়ারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীববৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে জেলার ৪ জন শ্রেষ্ঠ মৎস্য চাষী ও খামারিকে সম্মননা প্রদান করা হয়।