মেহেরপুর সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী পালন করেছে উক্ত বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
দিনটি উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলেজের বৈশাখী চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। পরে শিক্ষক শিক্ষার্থী মিলনায়তনে আলোচনা সভা স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে এম নজরুল কবীর। অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফুয়াদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলী মালিথা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শুরু থেকে আজ পর্যন্ত সকল সেশনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।