• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি বর্ষণ মেহেরপুর সীমান্তে শিশুসহ ৪ জনকে পুশ-ইন চেষ্টা বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই- উদ্ধারে গিয়ে আহত ৩ পুলিশ ই-সিগারেটসহ সকল উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধে ৩৫ সংগঠনের সম্মিলিত আহবান অনিয়মের অভিযোগে গাংনী সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শনে অভিযোগের সত্যতা পায়নি: এমপি নাজমুল হুদা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি বর্ষণ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি বর্ষণ
দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি বর্ষণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা গুলি বর্ষণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তাঁর কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলি বিদ্ধ হয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবি টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা গুলি বর্ষণ করে। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সেখানে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

এদিকে, গুলিবিদ্ধ সাজুল হোসেনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদ হাসান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category