ফ্রিল্যান্সিং অথবা ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ৫৫৫ জনকে দেওয়া হয়েছে একটি করে ল্যাপটপ। রোববার (১০ মার্চ) দুপুরে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এসব ল্যাপটপ বিতরণ করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এবং ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে "হার পাওয়ার" প্রকল্পের মাধ্যমে সারাদেশব্যাপী ফ্রিল্যান্সিংকে অগ্রাধিকার দিয়ে নারীদের স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে মেহেরপুর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৫৫৫ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হকসহ ল্যাপটপ গ্রহণকারী ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।