গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের প্রয়াত সভাপতি আলমগীর হোসেনের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (১০ জানুয়ারী) বাঁশবাড়িয়া বাজারে এ আয়োজন করা হয়।
মানববন্ধ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। বাঁশবাড়িয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু, গাংনী পৌর জাসাস সাধারণ সম্পাদক সুরেলী আলভী, গাংনী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি, একই ওয়ার্ড কৃষকদলের সভাপতি টুটুল হোসেন।
মানববন্ধনে আসাদুজ্জামান বাবলু বলেন, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে মূল আসামিদের গ্রেফতার করেছিলেন। আলমগীরকে যারা হত্যা করেছে তারা বিএনপিতে অনুপ্রবেশকারী। হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসি দিতে হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বাঁশবাড়িয়া বাজার প্রদক্ষিন করে।