মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রানা নামের এক বাস চালককে মারধরের প্রতিবাদে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে এই বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সাথে বাস চালক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই চালককে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় বাস চালককে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মারধরের শিকার চালকের নিরাপত্তা এবং দোষীদের গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে মেহেরপুর বাস টার্মিনাল থেকে চুয়াডাঙ্গা অভিমুখে কোনো বাস ছেড়ে যায়নি। আকষ্মিক বাস বন্ধ হওয়ায় অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বিপাকে পড়েছেন। বাস না থাকায় যাত্রীরা ইজিবাইক বা থ্রি-হুইলারে যাতায়াত করার চেষ্টা করছেন, তবে এতে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তায় আমাদের চালকরা নিরাপদ নয়। বারবার শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। যতক্ষণ পর্যন্ত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হবে, ততক্ষণ এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে জানতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। সমাধান না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা কাটবে না বলে আশঙ্কা করা হচ্ছে।