'দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে'প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়ন ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় রবিবার (১ জুন) সকাল সাড়ে নয়টাই জেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুব্রত কুমার ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সৈয়দ ছাকিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা মৎস কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিছুল আবিদ, গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইউএলও ডাঃ মোত্তালেব হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব দুগ্ধ দিবস আমাদের মনে করিয়ে দেয়, দুধ শুধুই একটি খাদ্য নয়, এটি সুস্থ জীবনের অংশ। এটি তৈরি করতে যাঁরা পরিশ্রম করেন তাঁদের অবদান, প্রাণীর কল্যাণ ও পরিবেশ রক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টি নিশ্চিত করার দায়িত্বের কথা মনে করিয়ে দেয় এ দিবস।
আজ বিশ্ব দুগ্ধ দিবসে আমরা কেবল দুধ খাওয়ার কথা বলছি না, বলছি, সচেতন ও সুস্থ জীবনযাপনের কথা। আমরা পালন করছি একটি এমন খাদ্য দিবসকে, যা একসঙ্গে স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ-সবকিছুর সঙ্গে যুক্ত।
পরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।