মেহেরপুরে লভ্যাংশ বৃদ্ধি ও বিসিআইসি ডিলার কর্তৃক সার সরবরাহের দাবিতে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা সমিতি। মঙ্গলবার (৫ মার্চ) এগারোটার দিকে মেহেরপুর শহরের শহীদ শামসুদ্দোহা পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু করে খুচরা সার ব্যবসায়ীরা।
পদযাত্রাটি শহরের প্রধান সড়ক দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন খুচরা স্যার বিক্রেতা সমিতির মেহেরপুর জেলা সভাপতি শাহিনুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতিটির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, গাংনী উপজেলা খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সমিতির মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সিন্ডিকেটের মাধ্যমে বিসিআইসি ডিলারদের অধিকাংশ লভ্যাংশ নেওয়া ও বাংলাদেশ কমপ্লেক্স নামের সার সরবরাহ না করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে। ইতিপূর্বে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং রমজানের পূর্বেই সমাধান না করলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়। মানববন্ধনটি ঘন্টাখানেক স্থায়ী হওয়ার পর সমাপ্তি ঘোষনা করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থানের খুচরা সার ব্যবসায়ীরা অংশগ্রহণ করে।