প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১:৫৩ পি.এম
নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ বিচার বিভাগসহ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একইসঙ্গে ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবি জানানো হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট মোখলেসুর রহমান খান স্বপন, অ্যাডভোকেট আসাদুজ্জামান খোকন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনি ন্যায় বিচার না করে বিচার বিভাগকে ধ্বংস করেছেন। নিষ্পত্তি হওয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতা দখলের পথ তৈরি করে দিয়েছেন। নিরপেক্ষ নির্বাচন হলে হাসিনা ক্ষমতায় আসতে পারবে না জেনে খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছেন। এখনো দেশের উচ্চ ও নিম্ন আদালতে খায়রুল হকের দোসর রয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়মিত জামিন দিচ্ছে।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি সাইদুর রাজ্জাক, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, অ্যাডভোকেট আবু সালেহ মোঃ নাসিম, অ্যাডভোকেট মীর আলমগীর হোসেন আলম, অ্যাডভোকেট হিরোক, অ্যাডভোকেট সেলিম রেজা কল্লোল প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 bibartanbangla.com. All rights reserved.