কুষ্টিয়ার দৌলতপুর ঠোটারপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক চার জনকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা করে। এসময় পুশইনের বিষয়ে আঁচ পেয়ে তা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১১ অক্টোবর) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানায়, ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের দুই জন নারী ও দুই জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা পরিলক্ষিত হয়। বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফ এর উক্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে উক্ত চার জন নাগরিক ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।